সিএনএ দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস! যা বলেছেন – সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরোনো সমস্যা

নিজস্ব প্রতিবেদক, সাহিত্য বাজার

Sharing is caring!

সিএনএ দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস! যা বলেছেন – সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরোনো সমস্যা

(দৈনিক যুগান্তর পত্রিকা থেকে গৃহীত)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। নির্বাচনের আগে সংস্কার এবং ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, তবে সংস্কার ও বিচার না করে নির্বাচন দেওয়া হলে পুরোনো সমস্যা আবার ফিরে আসতে পারে। তিনি বলেন, আমি আশা করি-বাংলাদেশ সঠিক পথে থাকবে, এটি আর পথ হারাবে না। গত ১৩ আগস্ট বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে এর কোনো অর্থ নেই। আমার কাজ হলো একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি এসে গেছি। আমাদের রাজনৈতিক ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ, এর অপব্যবহার করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে, তাই অনেক কিছু সংস্কারের প্রয়োজন।

অধ্যাপক ইউনূস বলেন, আমাদের অঙ্গীকার ছিল গণ-অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। এগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে-সংস্কার, বিচার ও নির্বাচন। নির্বাচন প্রথম, তারপর সংস্কার; নাকি প্রথমে সংস্কার, এরপর নির্বাচন-এ প্রশ্নে তিনি বলেন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি, তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই। কারণ, আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন, অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে। তখন আপনি আবার সেই পুরোনো সমস্যায় ফিরে যাবেন।
৮৫ বছর বয়সি অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা তার নেই। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের মাঝেও তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাবে। তিনি বলেন, আমি আশা করি এখন থেকে বাংলাদেশ সঠিক পথে থাকবে, এটি আর পথ হারাবে না। ১৫ বছর ধরে আমাদের ভোটাররা ভোট দিতে পারেননি। তরুণদের উচিত তাদের ভোট ও আকাঙ্ক্ষা ব্যালট বাক্সে ঢেলে দেওয়া। আমি আশা করি একটি ভালো সরকার আসবে, যা গণতান্ত্রিক নীতি মেনে চলবে। ড. ইউনূস ৩ দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা এবং এলএনজি, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর সরবরাহ ও ব্যবস্থাপনার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

Print Friendly, PDF & Email

Sharing is caring!