এ দেশের মানুষ পিআর বোঝেন না – জিয়াউদ্দীন হায়দার
বিশেষ প্রতিবেদক
বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ২০ সেপ্টেম্বর শনিবার সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার স্বপন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতির নির্বাচন দাবী সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। তারা মুখ না দেখে ভোট দিতে অভ্যস্ত নয়। বাংলাদেশে পিআর পদ্ধতি বিষয়ে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। তাছাড়া প্রতিবেশী দেশ নেপালও এই পদ্ধতি থেকে বের হয়ে যেতে চাচ্ছে। তাদের পরিস্থিতি আমাদের জন্য শিক্ষনীয় হতে পারে বলে দাবী করেন বিএনপির এই উপদেষ্টা।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে
তিনি আরো বলেন, ড ইউনুস এর সরকার, আমাদের সকলের সরকার । এই সরকারের কাজে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, বিএনপি চায় জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ। সেই লক্ষ্যেই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য, শিক্ষা ও বেকারত্ব দূরকরা আমাদের প্রধান লক্ষ্য দাবী করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকারের কর্মসংস্থান ঘটাবে। সে লক্ষ্যে এখন থেকেই আমাদের কাজ চলছে।
এসময় তিনি বিএনপির ৩১ দফা সম্পর্কে বলেন, দেশের জন্য এখন প্রয়োজন একটি নির্বাচিত সরকার, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশকে নতুনভাবে সাজানো হবে।
জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, বিএনপির শক্তি হলো সাধারণ জনগণ। শত শত মোটরসাইকেল শোভাযাত্রা কিংবা ব্যানার পোস্টারের রাজনীতি সময় শেষ। এখন অন্যায়, অত্যাচার ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দেশের উন্নয়ন সম্ভব। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক মানুষের জন্য একটি হেলথ কার্ড চালু করা হবে এবং প্রতিটি পণ্যের জন্য শিল্প স্থাপন করা হবে। দেশের প্রতিটি গ্রাম থেকে খুঁজে খুজে ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। বরিশাল অঞ্চলের শীতলপাটির জাতীয় ও আন্তর্জাতিক বাজার তৈরির জন্য ইতোমধ্যে গবেষণা চলছে। বিএনপি জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটিই ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেইলি স্টার সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ। এসময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বরিশালের প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।








